নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় নৈশপ্রহরীকে বেঁধে ২টি গ্যারেজের তালা কেটে ১০টি অটোরিকশার ৩৪টি ব্যাটারি চুরি করে নিয়ে যায় সঙ্ঘবদ্ধ ডাকাতচক্র। ব্যাটারিগুলোর বর্তমান বাজারমূল্য ৫ লক্ষ টাকার বেশি।
এদিকে ব্যাটারি হারিয়ে দিশেহারা একাধিক অটোচালক।
গত শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা পুরাতন মেঘনা ঘাট বাজারস্থ মাইনুদ্দিন প্রধানের দুইটি গ্যারেজের তালা ভেঙে এই ব্যাটারিগুলো নিয়ে যায় চোর চক্র।
নৈশপ্রহরী আবুল হোসেন (৭০) জানান, প্রতিদিন তিনজন প্রহরী বাজারের তিন স্থানে পাহারা দেই। গত রাতে আমি ছিলাম সড়কের মুখে। রাত ৩টার দিকে ৫/৬ জনের একটা দল আমার গলায় রামদা ধরে। তাদের হাতে পিস্তল ছিল। তারা আমাকে ঘিরে ধরে মুখ ও হাত বেঁধে ফেলে বাজারের সামনে সড়কের পাশে আটকে রাখে। তারপর তারা ডাকাতি করে।
আরেক প্রহরী ইমান আলী জানান, আমি নদীর পাড়ে ডিউটি করি। গতকাল ঐ দিকে যাওয়া হয়নি। ফজরের পর ডাকাতির খবর পেলাম।
এদিকে ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় একাধিক অটোচালক মানসিকভাবে দিশেহারা হয়ে পড়েছেন।
ভুক্তভোগী অটোচালক বিল্লাল হোসেন বলেন, আমরা গবির মানুষ। কিস্তিতে টাকা তুলে অটোরিকশা ক্রয় করেছি। এখন কি করবো? খাব কি? কিস্তির টাকা শোধ করবো কিভাবে?
ভুক্তভোগী অটোচালকেরা হলো ১. আনোয়ার হোসেন, পিতা- শহিদুল্লাহ ২. কামাল হোসেন, পিতা- মৃত নুরুল হক ৩. শামীম, পিতা- রহমত বেপারী ৪. বিল্লাল হোসেন, পিতা- মৃত তারা মিয়া ৫. সাইদ, পিতা- আলী মিয়া ৬. নিরব, পিতা- নুরুল হক প্রধান ৭. হৃদয়, পিতা- রিপন ৮. রাসেল মিয়া, পিতা- মৃত আঃ হাকিম ৯. সানি, পিতা- সানোয়ার শেখ এবং ১০. তানভীর ইসলাম, পিতা- তাজুল ইসলাম। তাদের সবার বাড়ি উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামে।
এ বিষয়ে তেতৈতলা মেঘনা ঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান দেওয়ান বলেন, আশেপাশে একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান- গরীব মানুষগুলোর কষ্ট অনুধাবন করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও সংগ্রহ করছি। এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান আছে।