নিজস্ব প্রতিবেদক : জুনিয়র বৃত্তি পরীক্ষায় আবারও অসাধারণ সাফল্যের স্বাক্ষর রাখলো প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।
চলতি শিক্ষাবর্ষের ফলাফলে প্রতিষ্ঠানটির মোট ২৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ০৯ জন এবং সাধারণ গ্রেডে ১৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠানটির সুনাম আরও উজ্জ্বল করেছে। এই সাফল্য শুধু সংখ্যার দিক থেকে নয়, মানের দিক থেকেও অত্যন্ত গৌরবের। ট্যালেন্টপুলে স্থান পাওয়া ০৯ জন শিক্ষার্থী তাদের মেধা, অধ্যবসায় ও একাগ্র প্রচেষ্টার মাধ্যমে প্রমাণ করেছে যে, সঠিক দিকনির্দেশনা ও পরিশ্রম করতে পারলে সাফল্য অবধারিত। পাশাপাশি সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়া ১৮ জন শিক্ষার্থীও তাদের ধারাবাহিক অধ্যয়ন ও শৃঙ্খলার মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার মানকে আরও একধাপ এগিয়ে নিয়েছে।
জানা যায়, প্রতিষ্ঠানের অধ্যক্ষ শরীফ উল্যাহ প্রথম থেকেই একটি শক্তিশালী মনিটরিং কমিটির মাধ্যমে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করে বৃত্তি পরীক্ষার্থীদের হাতে-কলমে শিখিয়েছেন কীভাবে সাফল্য অর্জন করতে হয়। আজকের ফলাফল সেটিরই বাস্তব প্রতিফলন। এই সাফল্য অর্জনে শিক্ষকসহ অভিভাবকরাও অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন।
তাদের মতে, শিক্ষার্থীদের এই অর্জনের পেছনে রয়েছে সুপরিকল্পিত পাঠদান, নিয়মিত মূল্যায়ন, নিবিড় তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের মানসিক বিকাশে বিশেষ গুরুত্ব প্রদান।
শিক্ষার্থীদের এই সাফল্য নবীন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত। এটি প্রমাণ করে যে, প্রতিষ্ঠানটি শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও সমানভাবে সচেষ্ট।
অভিভাবকমহল এই ফলাফলে সন্তোষ প্রকাশ করে অধ্যক্ষ ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি এমন সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং দেশ ও জাতির কল্যাণে মেধাবী নাগরিক গড়ে তুলবে।