শেখ মোঃ সোহেল রানা : মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গীবাড়ী) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, প্রিয় লৌহজং উপজেলার মা-বোন, ভাই-চাচাদের কাছে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করছি। আমি আশা করি, সকলেই আমাকে ধানের শীষে ভোট দিবেন। আমি এলাকার স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা এবং রাস্তা-ঘাটসহ সর্ব রকমের উন্নয়ন করে আগামী দিনগুলো আপনাদের পাশে থাকবো। আমাদের বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে আমার চেষ্টা থাকবে সরকারের কাছ থেকে সর্বোচ্চ অর্থ এনে এলাকার উন্নয়ন করার।
তিনি আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মুখে মুখে ছিল, এলাকায় নেই। যেখানে যাই সাধারণ মানুষের রাস্তার বেহাল অবস্থা নিয়ে শুধু অভিযোগ রয়েছে। আমার আশা, রাস্তা-ঘাটের উন্নয়নসহ এলাকায় আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা, লৌহজং উপজেলার মানুষ যাতে উন্নত চিকিৎসা সেবা পায় সেজন্য একটি উন্নতমানের হাসপাতাল নির্মাণ করা। এলাকার উন্নয়নের স্বপ্ন আপনারা দেখবেন। ভোট দিয়ে জিতিয়ে দিলে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা আমার থাকবে।
তিনি আরও বলেন, পদ্মা নদীর তীরে লৌহজং উপজেলার লক্ষ লক্ষ মানুষ ভিটেমাটি হারা হয়েছে। এখানে স্থায়ী বেড়িবাঁধ একান্ত প্রয়োজন। নদী ভাঙনের শিকার হয়ে নিজ এলাকা ছেড়ে এই এলাকার মানুষ বিভিন্ন জেলায় বসবাস করছে। সরকার গঠন করতে পারলে নদী রক্ষা বাঁধের কাজ সম্পন্ন করার চেষ্টা থাকবে আমার।
গত শুক্রবার সকাল ১০টায় লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে প্রচার ও প্রচারণার অংশ হিসেবে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এডভোকেট আব্দুস সালাম আজাদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জনশক্তি বিষয়ক সম্পাদক আবুল মালেক, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, কুমারভোগ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ কাওছার তালুকদার, যুবদল নেতা মাহাবুব আলম টিটু, নুরু মাদবর, আবুল হোসেন দেওয়ান, সিরাজুল ইসলাম শিপনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি – এডভোকেট আব্দুস সালাম আজাদ
২২
পূর্ববর্তী পোস্ট