নিজস্ব প্রতিবেদক: অবশেষে সকল আইনি জটিলতা পেরিয়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন। এর ফলে আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ-৩ আসনে তার প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা রইলো না। প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে তার নির্বাচনী এলাকা সদর-গজারিয়ায় কর্মী-সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
জানা গেছে, মুন্সীগঞ্জ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মহিউদ্দিন। নিয়ম অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে প্রাথমিক যাচাই-বাছাই শেষে গত ২ জানুয়ারি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থী মহিউদ্দিনের স্বাক্ষরিত তথ্যে গরমিল থাকার কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফীর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে পরবর্তীতে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন। গত শনিবার ১০ জানুয়ারি ঢাকায় আপিল শুনানি শেষে গতকাল রোববার বিকালে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর মহিউদ্দিনের অনুসারী ও নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লাস প্রকাশ করে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, মহিউদ্দিনের নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে মুন্সীগঞ্জ-৩ আসনের নির্বাচনী সমীকরণ আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।
এ ব্যাপারে মহিউদ্দিন জানান, তিনি আগে থেকেই আশাবাদী ছিলেন যে তিনি প্রার্থিতা ফিরে পাবেন। তিনি বিশ্বাস করেছিলেন সামান্য ভুলে তাকে ফিরিয়ে দেবে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত মাঠে থাকবেন।
প্রসঙ্গত, মুন্সীগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার ৪৬৭ জন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহিউদ্দিনকে বিধি মোতাবেক ১ শতাংশ ভোটারের (৫ হাজার ৯৫ জন) সমর্থনসূচক স্বাক্ষর জমা দিতে হয়েছিল। প্রাথমিক যাচাই বাছাইয়ে দৈবচয়ন পদ্ধতিতে (লটারি পদ্ধতিতে) ১০ জনকে নির্বাচিত বা বাছাই করা হয়। লটারিতে ১০টি সিরিয়ালের মধ্যে ২৯৪নং সিরিয়াল আসে। কিন্তু মহিউদ্দিনের সরবরাহকৃত তালিকায় এই ক্রমিক নং ফাঁকা থাকায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী মনোনয়নটি বাতিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল গত ২৯ ডিসেম্বর ২০২৫। মনোনয়নপত্র বাছাই হয়েছে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামি ২০ জানুয়ারি পর্যন্ত। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ওই দিন থেকেই প্রচারণা শুরু হবে। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হওয়ার কথা রয়েছে।
প্রার্থিতা ফিরে পেলেন মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন
২৯
পূর্ববর্তী পোস্ট