স্বপ্না আক্তার রাকা: উৎসবমুখর পরিবেশে কেক কাটা ও আজীবন সদস্যপদ প্রদানের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
গতকাল সোমবার বেলা ১২টায় শ্রীনগরস্থ জেলা পরিষদ মার্কেটের নিজস্ব কার্যালয়ে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন পলাশ। এরপর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম শরীফ ওসমান হাদি এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আছলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ আল আমিন, সহ-সভাপতি ফরহাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান সিদ্দিকী এবং প্রচার ও দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও কার্যকরী সদস্য আনোয়ার হোসেন, সদস্য মোস্তাকিম আহমেদ আলিফ ও ফয়সাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শ্রীনগর অতিরিক্ত সার্কেল অফিসার আনিসুর রহমানের পক্ষ থেকে অংশগ্রহণ করেন এস আই মাসুদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন, সাংবাদিক হামিদুল ইসলাম স্বপন ও সাংবাদিক সাফিন আহমেদ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্লাবের পক্ষ থেকে আজীবন সদস্যদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। এসময় বক্তারা প্রেসক্লাবের বিগত বছরগুলোর সাফল্যের প্রশংসা করেন এবং আগামী দিনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে শ্রীনগর উপজেলার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।