নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে চারজনকে ২১ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামাড়া ব্রিজ এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি। এসময় তার সঙ্গে পুলিশ ফোর্স উপস্থিত ছিল।
অভিযানকালে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া অবৈধভাবে মাটির উপরিস্তর কেটে পরিবহন করার সময় চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- জলিল (৪৫), শাহীন (৩০), সাদ্দাম (৩৭) ও কোরবান আলী (৩৮)। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারায় ২১ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি বলেন, অননুমোদিতভাবে ফসলি জমির মাটি কাটা আইনত দন্ডনীয় অপরাধ। কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ ধরনের কার্যক্রম বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
মুন্সীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ জনকে ২১ দিনের কারাদন্ড ও অর্থদন্ড
৫