নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে জমি দখলের পাঁয়তারার প্রতিবাদে মুন্সীগঞ্জের সদর উপজেলার গোসাইবাগে মানববন্ধন করেছে ভুক্তভোগী বাসিন্দারা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গোসাইবাগ এলাকার শেখ বাড়ির সামনে প্রায় অর্ধশত নারী-পুরুষ এই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী মাকসুদা আক্তার, সিদ্দিক, জাকির শেখ ও খুরশিদ আরা বলেন, বর্তমানে এই এলাকায় জমির দাম বেড়ে যাওয়ায় ভূমি দখলের পায়তারা করছে কতিপয় ভূমিদস্যু। গোসাইবাগ এলাকায় শেখ বাড়ি সংলগ্ন ৭৭ শতাংশ ৫৫ পয়েন্ট জমি অবৈধভাবে দখলের পাঁয়তারা করছে বজলুর রহমান ফটিক ও তার সহযোগী রহমান মাদবর, ডাঃ জসিম উদ্দিন সরদার ও আফসার উদ্দিন গংরা। সম্প্রতি তারা আমাদের বাড়িঘর ও দোকান ভাংচুর করেছে। এ বিষয়ে আমরা স্থানীয় প্রশাসনের কাছে একাধিক অভিযোগ করলেও কোন প্রতিকার পাইনি। তাই আমরা মানববন্ধনের মাধ্যমে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও ভূমি কর্মকর্তার কাছে বলতে চাই, আমরা আমাদের জমি জীবন থাকতে দখল হতে দেবো না।
মানববন্ধনকারীরা দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
এ বিষয়ে বজলুর রহমান ফটিকের স্বজনরা বলেন, জমি পেলে কাগজপত্র নিয়ে বসলে একটা সমাধানের পথ বের হবে।
মুন্সীগঞ্জে জমি দখলের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন
৪১