নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক মো. কামরুজ্জামান রতন এবং স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক মহিউদ্দিনের পক্ষে টান টান উত্তেজনায় প্রচারণা চলছে। একে অপরকে ইঙ্গিত দিয়ে বক্তব্য রাখছেন। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে চলছে চুলচেড়া বিশ্লেষণ। তবে কোথাও তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গত শনিবার বিকালে এমনি এক চিত্র দেখা যায় সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবীবাজার হাই স্কুল আঙ্গিনায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রিকাবীবাজার হাই স্কুল মাঠ প্রাঙ্গণে ধানের শীষের জনসভা হচ্ছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মো. কামরুজ্জামান রতন। তার দলের নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছে। এমন সময় হাইস্কুলের রাস্তা দিয়ে অপর প্রার্থী ফুটবল প্রতীকের মহিউদ্দিনের পক্ষে নারী-পুরুষ মিছিল করে যাচ্ছে। তাতে কোন ধরনের কারও অসুবিধা হয়নি।
ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। অন্যদিকে ফুটবল প্রতীকের সমর্থকরা উন্নয়ন ও স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন কামনা করেন। সম্প্রতি ফুটবল প্রতীকের প্রার্থী মহিউদ্দিন একটি নির্বাচনী শোডাউনে তিনি তার প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেন, আসুন ভোটের মাঠে খেলি। অন্যদিকে এই কথার রেশ ধরে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান রতন বলেন, মানুষের বিবেকের রায়কে নিয়ে খেলার সামগ্রী বানাবেন না।
এলাকাবাসী জানান, এবার নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও এভাবেই শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা অব্যাহত থাকবে।
মুন্সীগঞ্জে টান টান উত্তেজনায় ধানের শীষ ও ফুটবল প্রতীকের প্রচারণা চলছে
৬৮