নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মুন্সীগঞ্জ-১ আসনের প্রার্থী রোকেয়া আক্তার।
গতকাল রবিবার দুপুর ১২টায় সিরাজদিখান উপজেলার খাসমহল বালুচর গ্রামে তার নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করা হয়। সম্মেলনে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-১ আসনের প্রার্থী ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক রোকেয়া আক্তার।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, একক গোষ্ঠিবাদী স্বৈর রাজনীতির খুন-জুলুম, দস্যুতন্ত্র থেকে সব মানুষের জীবন, সবার ধর্ম ও রাষ্ট্র রক্ষায় মানবতার রাজনীতির ভিত্তিতে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের নির্বাচনী ইশতেহারের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, জীবন, ধর্ম, রাষ্ট্র, গণতন্ত্র, অর্থনীতি ও মানবাধিকারের বর্তমান সংকট মূলত রাজনৈতিক সংকটের ফল।
তার দাবি, একক ধর্মের নামে উগ্রবাদী ও জঙ্গিবাদী রাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদের নামে একক গোষ্ঠিবাদী স্বৈর রাজনীতি দেশের সামগ্রিক সংকটের জন্য দায়ী।
রোকেয়া আক্তার বলেন, একক গোষ্ঠিবাদী স্বৈর রাষ্ট্রব্যবস্থা মানেই ক্ষমতাসীনদের বাইরে সবার জীবন, অধিকার ও স্বাধীনতা রুদ্ধ করা।
তিনি খুন-সন্ত্রাস, দুর্নীতি, জবর দখল ও রাষ্ট্রীয় সন্ত্রাসের অবসানে মানবতার রাজনীতির বিকল্প নেই বলেও মন্তব্য করেন।
তিনি দাবি করেন, সব ধর্ম, মত ও পথের মানুষের সমান নিরাপত্তা, অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করে অসাম্প্রদায়িক, উন্নত, আধুনিক ও শান্তিময় রাষ্ট্র প্রতিষ্ঠাই ইনসানিয়াত বিপ্লবের লক্ষ্য।
সংবাদ সম্মেলনে ইশতেহার পাঠ করেন রোকেয়া আক্তার। এসময় উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ গুলশান থানার সদস্য সচিব হুসনে মোবারক, মুন্সীগঞ্জ জেলা সদস্য সচিব শাকিলা ইসলাম, কেন্দ্রীয় স্টুডেন্ট ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ হক, সহ-প্রচার সম্পাদক স্বর্ণা আক্তারসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।