নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী শেখ মোঃ কামাল হোসেন (কাস্তে প্রতীক) দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন।
গত সোমবার প্রচারণার শেষদিনে গজারিয়া উপজেলায় সকাল থেকে গণসংযোগ শেষে গজারিয়া থেকে সড়ক পথে ফেরার সময় সন্ধ্যায় হোসেন্দি বাজারের একটি দোকান থেকে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ পা পিছলে পড়ে যান। এক্স-রে রিপোর্টে দেখা যায়, ডান পায়ের হাড় ভেঙ্গে গেছে এবং কয়েকটি ইন্টার্নাল নার্ভ ও লিগামেন্ট ছিঁড়ে গেছে।
নারায়ণগঞ্জের মেডিনোভায় ঢাকা মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডাক্তার আশিকুর রহমান খানের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা নেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা পঙ্গু হাসপাতালের ডাক্তার রাজীব কুমার রায়ের তত্ত্বাবধানে তার পায়ে প্লাস্টার করানো হয়। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও হার্টের রোগে ভুগছেন। মুন্সীগঞ্জ-৩ আসনের সকল ভোটারদের নিকট তিনি দোয়া চেয়েছেন।