নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামের স্থানীয় এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার ৫শত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গত রোববার রাত ১১টার দিকে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম -এর দিকনির্দেশনায় লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম এর নেতৃত্বে সহযোগী হিসেবে এসআই (নিঃ) মোঃ রাজিব হোসেন সরকার ও এসআই (নিঃ) আতাউর রহমানসহ পুলিশের একটি টিম উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামে মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে এসব নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১৬ লক্ষ টাকা বলে থানা পুলিশ সূত্রে জানা যায়। লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম গত সোমবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের জানান, লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা গ্রামে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও মাদক উদ্ধার অভিযান পরিচালনার একপর্যায়ে গোয়ালীমান্দ্রা গ্রামের জনৈক সুভাস দাসের বসতঘরের পশ্চিম পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় ৫ হাজার ৫শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
তবে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
লৌহজং থানা পুলিশের অভিযানে ৫ হাজার ৫শত ইয়াবা ট্যাবলেট উদ্ধার
৩২
পূর্ববর্তী পোস্ট