নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে রাতের আঁধারে জায়গা দখল চেষ্টা ও সীমানা প্রাচীর ভাংচুর করার অভিযোগ উঠেছে। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম দেউলভোগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ষোলঘর সমষাবাদ এলাকার মরহুম সাগর আলী দেওয়ানের ছেলে ছামাদ দেওয়ান (৪৮) একই এলাকার মমতাজ উদ্দিন মোড়লের ছেলে অভিযুক্ত ইদ্রিস মোড়ল (৫৫) ও তার ছেলে দেলোয়ার মোড়ল (৩৫)সহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পশ্চিম দেউলভোগ মৌজায় জায়গা কিনেন ছামাদ দেওয়ান। চারদিকে সীমানা প্রাচীর তৈরি করে ওই জায়গায় একটি টিনের ঘর নির্মাণ করেন তারা। কিন্তু সাবেক কৃষকলীগ নেতা ইদ্রিস মোড়ল মালিকানা দাবি করে জায়গাটি দখল চেষ্টা করে আসছিল। রাতে ইদ্রিস মোড়ল তার লোকজন নিয়ে জায়গা দখল করতে আসে। খবর পেয়ে ছালাম দেওয়ান বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসার খবর পেয়ে ইদ্রিস মোড়ল সটকে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, রাতের আঁধারে ইদ্রিস মোড়লের এভাবে দেয়াল ভাংচুর করা ঠিক হয়নি।
ভুক্তভোগী ছামাদ দেওয়ান বলেন, পশ্চিম দেউলভোগ মৌজায় (আরএস দাগ নং- ৪০৯, এসএ দাগ নং-৪৩১) আমার স্ত্রীর মালিকানাধীন ৫.৫ শতাংশ জমিতে সীমানা প্রাচীর দিয়ে ঘর তুলে জায়গাটি ভোগদখল করে আসছি। অথচ অভিযুক্ত ইদ্রিস মোড়ল গং দীর্ঘদিন যাবৎ জায়গাটি দখলের পাঁয়তারা করে আসছে। এই জায়গার বিষয়ে আদালতেও মামলা চলমান আছে। অথচ গত সোমবার রাতে অন্যায়ভাবে দেয়াল ভেঙ্গে আমাদের ঘর সরানোর চেষ্টা করে তারা। এ ঘটনায় শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ইদ্রিস মোড়ল ফোন রিসিভ করেননি।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর মো. মোয়াজ্জেম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিষেধ করে এসেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীনগরে জায়গা দখল চেষ্টা ও প্রাচীর ভাংচুরের অভিযোগ
১১
পূর্ববর্তী পোস্ট