নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে ইমরান মোড়ল (২৫) নামে এক বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাঘড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোড়ল বাড়িতে নিজ ঘর থেকে ইমরানের মরদেহটি উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ। ইমরান মধ্য বাঘড়ার মানিক মোড়লের ছেলে। পরিবারের দাবী, ইমরানকে হত্যা করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইমরানের বাবা প্রবাসী। মা ঢাকা বেড়াতে গিয়েছেন। ইমরানের অন্তঃসত্ত্বা স্ত্রীও তার বাবার বাড়িতে গেছেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইমরানের সঙ্গে সর্বশেষ কথা হয় স্ত্রী আয়শা আক্তারের। শুক্রবার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল ইমরানের। সকালে ইমরানকে বেশ কয়েকবার কল দিয়ে ফোন বন্ধ পায় আয়শা। পরে বিষয়টি আয়শা তার শাশুড়িকে জানান। গত শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বাড়িতে এসে মা-চাচারা পাকা ঘরের লোহার গেইটের তালা খুলে রুমে প্রবেশ করে মেঝেতে ইমরানের লাশ পড়ে থাকতে দেখেন। এসময় ইমরানের গলায় মোবাইল চার্জারের তার পেঁচানো ছিল।
স্থানীয়রা জানান, ইমরান গত ২০২৫ সালে সৌদি থেকে দেশে আসে। উপজেলার বালাশুর বাজার এলাকায় একটি বিকাশ-নগদের দোকান খুলে ব্যবসা শুরু করে। ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকার আয়শা আক্তারকে বিয়ে করে ইমরান। আয়শা আক্তার ৭ মাসের অন্তঃসত্ত্বা। ধারনা করা হচ্ছে, ইমরানকে পরিকল্পিতভাবে হত্যার পর বিকাশ/নগদ একাউন্টের মোবাইল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বাঘড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ ও শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, গলায় তার পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।