নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আলমগীর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।
গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বালাসুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
নিহত আলমগীর বালাসুর এলাকার বাসিন্দা। তিনি তার ভাই তমিজউদ্দীনের সঙ্গে যৌথভাবে বালাসুর বাজারে একটি মার্কেট নির্মাণ কাজ শুরু করেন। স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ অনুযায়ী, জমির মালিকানা দাবি করে প্রতিপক্ষ আদালতে মামলা করলেও সেখানে ব্যর্থ হয়। এরপর তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে একাধিকবার ওই জায়গা দখলের চেষ্টা চালায়। সর্বশেষ গত মঙ্গলবার ভোরে দেশীয় অস্ত্রসহ প্রতিপক্ষের লোকজন নির্মাণাধীন মার্কেট দখল করতে গেলে আলমগীর বাধা দেন। এসময় তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বাধা দিতে গেলে আরও কয়েকজন আহত হন। পরে আলমগীরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেও তাকে মারধর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ হত্যার ঘটনায় ক্ষুব্ধ আত্মীয়-স্বজন ও স্থানীয়রা দোহার-শ্রীনগর সড়কে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।