নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে সন্ত্রাসীদের হামলা ও ছুরিকাঘাতে মোহাম্মদ রাকিব (২১) নামক এক যুবক গুরুতর আহত হয়েছে। বর্তমানে ওই যুবক আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর নতুন বাজার খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাকিব নতুন বাজার খালপাড় এলাকার লোকমান ফকিরের ছেলে। এ ঘটনায় রাকিবের বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
মামলার অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঐ এলাকায় রাস্তা নষ্ট করে মাটি বোঝাই কয়েকটি মাহিন্দ্র গাড়ি দীর্ঘদিন ধরে চলাচল করে আসছে। রাস্তার ক্ষতি হওয়ায় কারণে রাকিবের বাবা লোকমান ফকিরসহ স্থানীয়রা গত কয়েকদিন আগে মাহিন্দ্র গাড়ি চালাতে নিষেধ করলে স্থানীয় ইউপি সদস্য সুলতানসহ কয়েকজনের সাথে তার ঝগড়া হয়। এ ঘটনার জেরে গত মঙ্গলবার রাত ৯টার দিকে খালপাড় ব্রিজের উপর রাকিবকে একলা পেয়ে একই এলাকার আরমান, আরাফাত, শাকিলসহ ১০ থেকে ১২ জন সন্ত্রাসী মিলে তাকে বেদম মারধর ও পেটের বামপাশে ছুরিকাঘাত করে। এসময় এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
রাকিবের পিতা লোকমান ফকির অভিযোগ করেন, ইউপি সদস্য সুলতানের মাহিন্দ্র গাড়িতে এলাকার রাস্তা-ঘাট নষ্ট হয়ে যাচ্ছে। আমিসহ এলাকাবাসী মাহিন্দ্র চালাতে নিষেধ করায় সুলতান সন্ত্রাসী বাহিনী ভাড়া করে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে মেরে আহত করেছে।
এ বিষয়ে জানতে সুলতান মেম্বারের কাছে ফোন করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্ত বলেন, বাদীর অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীনগরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক আহত
২
পূর্ববর্তী পোস্ট