নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জনসংযোগ ও পথসভা করেছেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মমিন আলী।
গতকাল শনিবার বেলা ১১টা থেকে আলহাজ্ব মমিন আলী বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে দিনব্যাপী জনসংযোগ করেছেন সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর বাজার, খাসমহল বালুচর ও কালিনগর গ্রামে। এসময় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করেন তিনি। এছাড়া স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার নির্বাচনী প্রচারণার লিফলেট বিতরণ করেন।
জনসংযোগকালে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় আলহাজ্ব মমিন আলী বলেন, “আমি এই এলাকার মানুষ। অবহেলিত জনপদ ও সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। কোনো ক্ষমতার মোহ নয়, বরং জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে এলাকা থেকে দুর্নীতি ও মাদক নির্মূল করে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা গড়ে তুলব”।
তিনি আরও বলেন, “জনগণ পরিবর্তনের পক্ষে। সাধারণ ভোটারদের মধ্যে যে ব্যাপক সাড়া আমি পাচ্ছি, তাতে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আগামী ১২ তারিখে ফুটবল মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সিরাজদিখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ সিদ্দিকী পরশ, সাবেক জিয়া পরিষদের কেন্দ্রীয় সদস্য আবদুল্লাহ আল জাদিদ ইরান, সাবেক শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সিঙ্গাপুর শাখা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুবদল নেতা আবুল কালাম, ইমান আলী ইমরান, মোঃ ছালেহ মুসাসহ এলাকার গুণীজনরা।
সিরাজদিখানে জয়ের লক্ষ্যে মাঠে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মমিন আলী ॥ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ
২৮