মাসুদ রানা : মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। গতকাল বুধবার তিনি পরিদর্শনে আসেন। তিনি একইসাথে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্বিক মানোন্নয়নের জন্য পর্যালোচনা সভায় যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ কামরুল জমাদ্দার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরুন কুমার বিশ্বাস, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাম্মদ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমানসহ স্বাস্থ্যখাতের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন।
পরিদর্শনকালীন সময়ে জেলা প্রশাসক হাসপাতালের সার্বিক কার্যক্রম গভীরভাবে অবলোকন করেন। এসময় তিনি হাসপাতাল কম্পাউন্ড, বর্জ্য ব্যবস্থাপনা ভবন, জরুরি বিভাগ, টিকিট বিক্রয় কেন্দ্র, মেডিসিন ডিস্পেন্সারি, মহিলা ওয়ার্ড, শিশু ওয়ার্ড, গাইনি ও প্রসূতি বিভাগ, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, হাসপাতালের রান্নাঘর, প্যাথলজি বিভাগসহ বিভিন্ন বিভাগ, ওয়ার্ড, কেবিন এবং হাসপাতাল সংলগ্ন অন্যান্য সুবিধাসমূহ পরিদর্শন করেন এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রোগী, সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলে সেবার মান ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
হাসপাতালের সার্বিক মানোন্নয়ন বিষয়ে আয়োজিত পর্যালোচনা সভায় জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি হাসপাতালের শূন্যপদ দ্রুত পূরণ, পরিচ্ছন্নতা কর্মীদের জনবল বৃদ্ধি এবং তিন শিফটে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। পাশাপাশি জরুরি বিভাগকে পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তর, ফ্রন্ট ডেস্কের কার্যক্রম সম্পূর্ণরূপে সচল করা এবং রোগীর সেবায় আরও আন্তরিক ও তৎপর হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া গণপূর্ত বিভাগকে হাসপাতালের সৌন্দর্যবর্ধন ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। হাসপাতাল প্রাঙ্গণে অবৈধ দোকান ও অননুমোদিত পার্কিং বন্ধের বিষয়েও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
এসময় তিনি হাসপাতালে সেবা গ্রহণের ক্ষেত্রে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
হাসপাতাল প্রাঙ্গণে অবৈধ দোকান ও পার্কিং বন্ধে জেলা প্রশাসকের নির্দেশ
২