শেখ মোঃ সোহেল রানা: মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতুর সভাপতিত্বে প্রথমে লৌহজং থানা ও পদ্মা উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) গত মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মাসিক প্রতিবেদন প্রকাশ করে বক্তব্য রাখেন। পরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে গণসচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। ফায়ার সার্ভিসের সচেতনতামূলক কার্যক্রমের কারণে আগের তুলনায় অগ্নিকান্ডসহ অন্যান্য দুর্ঘটনা নিয়ন্ত্রণ হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএসও) ডা. ফাহমিদা লষ্কর। একই সঙ্গে লৌহজংয়ে সেবার মানোন্নয়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সকল সাংবাদিকদের নিয়ে খুব দ্রুত একটি মতবিনিময় সভার আয়োজন করা হবে বলেও তিনি জানান।
এসময় গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, গ্রাম আদালতে যদি বেশি সংখ্যক বিরোধ নিষ্পত্তি করা যায়, তাহলে আদালতের মামলার চাপ অনেকটাই কমে আসবে।
সভায় মাদক নিয়ন্ত্রণ, কোস্টগার্ডের কার্যক্রম আরও জোরদার করা, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান উদ দৌলা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ খানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।