নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মীর সরফত আলী সপু মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তিনি গত সোমবার দুপুরের দিকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এর আগে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাই পর্বে জমা দেওয়া মনোনয়নপত্রে সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরের সঙ্গে তালিকাভুক্ত তথ্যের অসামঞ্জস্য পাওয়া গেলে মীর সরফত আলী সপুর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করা হলে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। আসনটির আরেক স্বতন্ত্র এমপি পদপ্রার্থী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মমিন আলীর মনোনয়নপত্র প্রত্যাহারের গুঞ্জন শোনা গেলেও গত সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মমিন আলী জানান, মনোনয়ন প্রত্যাহার করিনি। আমি নির্বাচনের মাঠে আছি।
জানা গেছে, মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মমিন আলী, জামায়াতের অধ্যাপক এ. কে. এম ফখরুদ্দীন রাজি, ইসলামী আন্দোলনের ইঞ্জিনিয়ার কে এম আতিকুর রহমান, সিপিবি’র আব্দুর রহমান ও ইনসানিয়াত বিপ্লবের রোকেয়া আক্তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। প্রতীক বরাদ্দের পর সংশ্লিষ্ট এমপি প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমে উঠবে মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী মাঠ।
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি নেতা মীর সরফত আলী সপু’র মনোনয়ন প্রত্যাহার
৩৬
পূর্ববর্তী পোস্ট