নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের শ্রীনগরে ওয়াজ মাহফিলে তবারক বিতরণকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে আলী আহম্মেদ নামে একজন পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর পৌণে ১টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব আটপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহত আলী আহম্মেদকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহতের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে হামলাকারী আমিনুল ইসলাম নিপাকে প্রধান বিবাদী করে ১১ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে ও ওয়াজ মাহফিলে তবারক বিতরণকে কেন্দ্র করে বাদীনির স্বামী আলী আহম্মেদসহ তার বন্ধু স্থানীয় বিএনপি কর্মী পলাশ, মাসুদ ও বাবুলদেরকে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। এর জের ধরে গতকাল বুধবার দুপুরে আমিনুল ইসলাম নিপার নেতৃত্বে একই এলাকার সিয়াম শেখ, আপন শেখ, মাফিল মৃধা, সোহান খান, তানভীর খালাসী, শরীফ মৃধা, হানিফ মৃধা, দ্বীপ দাস, মেহেদী হাসান ও ইমন খান গং দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আলী আহম্মেদকে কাশেম শেখের বাড়ির সামনে রাস্তায় পেয়ে তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে এবং একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। আহতের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদের হত্যার হুমকি দিয়ে চলে যায় আমিনুল ইসলাম নিপা গং।
স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন সাগর বলেন, বিএনপি মনোনীত এমপি প্রার্থীর পক্ষে মিছিল করার উদ্দেশ্যে আলী আহম্মেদসহ স্থানীয় বিএনপি কর্মীর লোকজন দাওয়াতে বের হলে আমিনুল ইসলাম নিপার নেতৃত্বে তাদের উপর হামলা চালিয়ে আহত করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিঞা বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রীনগরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ১
২৬
পূর্ববর্তী পোস্ট