নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজস্ব ক্যাম্পাসে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। দেশের উচ্চশিক্ষার ইতিহাসে এই সমাবর্তন একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
গতকাল শনিবার সকালে আয়োজিত এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের মোট এক হাজার ৭৫৪ জন গ্র্যাজুয়েটকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়। শিক্ষাজীবনে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে নির্বাচিত শিক্ষার্থীদের স্বর্ণপদক ও সম্মাননা প্রদান করা হয়।
সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মনজুরুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. এ এফ এম খালিদ হোসেন। সমাবর্তনে বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই সমাবর্তনের মাধ্যমে দক্ষ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ গঠনে নতুন অধ্যায়ের সূচনা হলো। এসময় বিবিএ বিভাগের শিক্ষার্থী আশরাফুল হোসেনকে চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।