নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কৃতি সন্তান রাদওয়ান রিদভী আকিফ।
গত বুধবার ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তার এই অসাধারণ সাফল্যের খবর দ্রুত ছড়িয়ে পড়ে।
রাদওয়ান রিদভী আকিফ গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা এবং ওমর ফারুকের সন্তান। তিনি রাজধানীর ঐতিহ্যবাহী নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।
গতকাল রোববার আকিফের এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী তার হাতে পুষ্পস্তবক, অভিনন্দন ও সম্মাননা স্মারক তুলে দেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মাহমুদুর রহমান খোন্দকারসহ আকিফের অভিভাবকবৃন্দ। এছাড়া বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখাসহ বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।
বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম গজারিয়ার রাদওয়ান রিদভী আকিফ
৪৮
পূর্ববর্তী পোস্ট