হোম শ্রীনগর শ্রীনগরে আলমগীর শেখ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

শ্রীনগরে আলমগীর শেখ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে সংঘটিত আলমগীর শেখ (৫০) হত্যা মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। গ্রেপ্তারকৃত আসামির নাম মিজান ফকির (৩৬)।
র‌্যাব সূত্রে জানা গেছে, সম্পত্তির মালিকানা ও ভোগ দখলকে কেন্দ্র করে শ্রীনগর থানাধীন বালাশুর এলাকায় সংঘটিত মারধর ও হত্যাকান্ডের ঘটনায় এই আসামিকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার ভোর ৫টার দিকে হান্নান-মানিক গ্রুপের কয়েকজন সদস্য দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বালাশুর চৌরাস্তা সংলগ্ন নির্মাণাধীন তমিজ উদ্দিন মার্কেটের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে সকাল আনুমানিক ৫টা ৫০ মিনিটে ভিকটিম আলমগীর শেখ (৫০) ও তার সহযোগীরা ঘটনাস্থলে উপস্থিত হলে পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে আলমগীর শেখসহ একাধিক ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হাসপাতালের গেটের সামনে পুনরায় আলমগীর শেখের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় শ্রীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তের অংশ হিসেবে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের সনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-১০ এর সহায়তা চাওয়া হয়। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল আধুনিক তথ্য ও প্রযুক্তির সহায়তায় শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও মাঠপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মিজান ফকির, পিতা- আব্দুল হক ফকিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com