নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ. কে. এম ফখরুদ্দীন রাজী’র সমর্থনে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় সিরাজদিখান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কুমারখালি সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বয়রাগাদি ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মোশাররফ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মোঃ ইমরান হুসাইন বাদল ও ইসলামী ব্যাংক বালুচর বাজার এবি শাখার পরিচালক সাজ্জাদ নূর। সার্বিক সহযোগিতায় ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সমর্থিত নেতা আলমগীর হোসেন, আসলাম শিকদার, মোশারফ সরকার, মোঃ মকবুল হোসেন, সাইফুল ইসলাম, সুমন আহমেদ, আমিনুল ইসলাম, রাসেল কাজী, মোঃ মহসিন, সালমান হাবিব, মাসুদ রানা, তরিকুল ইসলামসহ আরো অনেকেই।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ. কে. এম ফখরুদ্দীন রাজী বলেন, “আমরা একটি ইনসাফ কায়েমের সমাজ গড়তে চাই। দুর্নীতি, দুঃশাসন এবং শোষণের হাত থেকে জনগণকে মুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। যদি আপনারা আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তবে এই এলাকাকে একটি আধুনিক, শিক্ষিত এবং মাদকমুক্ত মডেল জনপদ হিসেবে গড়ে তুলব।”
তিনি আরও বলেন, “জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি সুন্দর রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। আমরা সাধারণ মানুষের সেবা করতে চাই, শাসক নয়”।
পথসভায় স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, এ. কে. এম ফখরুদ্দীন রাজী একজন সৎ, যোগ্য এবং শিক্ষিত ব্যক্তিত্ব। এলাকার উন্নয়নের স্বার্থে এবং নির্যাতিত মানুষের পক্ষে কথা বলার জন্য তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তারা।
এদিকে পথসভাকে কেন্দ্র করে দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পথসভা শেষে প্রার্থী এ. কে. এম ফখরুদ্দীন রাজী স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সিরাজদিখানে জামায়াত মনোনীত প্রার্থী এ. কে. এম ফখরুদ্দীন রাজী’র নির্বাচনী পথসভা
৩৫
পূর্ববর্তী পোস্ট