হোম সদর উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন – হাবিব উন নবী খান সোহেল

উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন – হাবিব উন নবী খান সোহেল

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, রাজনীতিতে অস্ত্রের খেলা খেললে বেশিদিন টিকে থাকা যায় না। মাঠের খেলা খেলতে হয়। মাঠের খেলা খেললে পালিয়ে যেতে হয় না। অস্ত্রের খেলা খেললে বোরকা পড়ে পালিয়ে যেতে হয়। এ কারণে আপনারাও পালিয়েছেন, আপনাদের নেত্রীও পালাতে বাধ্য হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল উচ্চ বিদ্যালয় মাঠে সদরের রামপাল, মহাকালী ও বজ্রযোগিনী ইউনিয়ন বিএনপি আয়োজিত মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জে একজন নেতা ছিলেন। তার নাম শামীম ওসমান। তিনি কথায় কথায় বলতেন খেলা হবে। বলার সময় তিনি বোরকা সঙ্গে নিয়েই কথা বলতেন। এখন তিনি পালিয়ে গেছেন। তার নেত্রীও পালিয়ে গেছেন। বিএনপি থেকে সরে গেলে সেই নেতা যত বড়ই হোক সে ধ্বংস হয়ে যায়। এমন নজির রয়েছে অনেক। এই দলে অনেক ভালো ভালো নেতা রয়েছে। কিন্তু দল সবাইকে মনোনয়ন দেয় না, যাকে মনোনয়ন দেয় তার পক্ষে কাজ করুন। উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন।
তিনি আরো বলেন, কামরুজ্জামান রতন এমপি নির্বাচিত হলে আগামী এক বছরে মুন্সীগঞ্জের যত সমস্যা আছে, তা তিনি কাজ করবেন। তখন ৫ বছর পর আর জনগণের কাছে ভোট চাইতে যেতে হবে না। কারণ তার উন্নয়ন কর্মকান্ডই তাকে আবার নির্বাচিত করবে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শিল্পপতি মোশারফ হোসেন পুস্তির সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় প্রার্থী মো. কামরুজ্জামান রতন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য আ. ক. ম মোজাম্মেল, জেলা বিএনপির সদস্য সাবেক পৌর মেয়র একে ইরাদত মানু, শহীদুল ইসলাম কমিশনার, মীরকাদিম পৌরসভা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু প্রমুখ।
কামরুজ্জামান রতনের নির্বাচনী জনসভাস্থল রামপাল হাইস্কুল মাঠ প্রাঙ্গণে হাজার হাজার বিএনপি সমর্থকদের উপস্থিতিতে জনসভা জনস্রোতে পরিণত হয়। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মীরা মাঠ প্রাঙ্গণে উপস্থিত হয়ে ধানের শীষের স্লোগান দিতে থাকেন।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com