হোম শ্রীনগর শ্রীনগরে জমিসংক্রান্ত বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলায় ১ জনের মৃত্যুর ঘটনায় রহস্যের গুঞ্জন

শ্রীনগরে জমিসংক্রান্ত বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলায় ১ জনের মৃত্যুর ঘটনায় রহস্যের গুঞ্জন

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে দীর্ঘদিন ধরে জমি ও মামলা-মোকদ্দমা সংক্রান্ত বিরোধের জেরে উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় ১০ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় আলমগীর (৫০) নামে একজনের মৃত্যু নিয়ে রহস্যের গুঞ্জন সৃষ্টি হয়েছে।
গত মঙ্গলবার ভোর পৌণে ৬টায় উপজেলার বালাশুর চৌরাস্তা ও সকাল ৭টায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দুই দফা এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলো- তাপস মোল্লার ছেলে মিলন মোল্লা (২৮), দাদন বেপারীর ছেলে রাসেল (২৩), রুবেলের ছেলে শুভ (২১), মৃত বুধাই সরকারের ছেলে শম্ভু সরকার (৬২), মৃত আব্দুল দেওয়ানের ছেলে মানিক দেওয়ান (৫৫), আলামিন দেওয়ান (৪০), হাজী হান্নানের ছেলে কাউসার (৩৮)সহ হামলাকারী তমিজ উদ্দিন (৬০) গংয়ের কয়েকজন।
স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে আসা শম্ভু সরকারকে আলমগীরের নেতৃত্বে দ্বিতীয় দফায় হামলা চালিয়ে চাপাতি দিয়ে তার বাম পায়ের রগ কেটে গুরুতর আহত করা হয়। পরে মাথায় সামান্য আঘাত ও বুকে ব্যথা নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হওয়া আলমগীরসহ আহতদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মিডফোর্ড হাসপাতালে রেফার্ড করেন। এরপর ঢাকা নেওয়ার পথে আলমগীরের মৃত্যুর সংবাদ পেয়ে আলমগীরের স্বজনরা ঢাকা-দোহার সড়ক অবরোধ করে হাজী হান্নানের মার্কেটে হামলা চালিয়ে মালামাল লুট করে নিয়ে রাস্তায় আগুন ধরিয়ে দেয়। পরে শ্রীনগর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি রেজিস্টারে দেখা যায়, আলমগীর মাথায় সামান্য আঘাত ও বুকে ব্যথা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে এক্স-রে করানোর কথা বলেন এবং পরে ঢাকার মিডফোর্ড হাসপাতালে রেফার্ড করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ কান্তা দাস জানান, আলমগীর মাথায় সামান্য আঘাত ও বুকে ব্যথা নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল। পরে তার এক্স-রেসহ প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার্ড করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালাশুর চৌরাস্তাস্থ কামারগাঁও মৌজার আরএস- ৪০১১ দাগের ৪২ শতাংশ সম্পত্তি হতে ৭.৬৮ শতাংশ সম্পত্তি হাজী হান্নানের স্ত্রী রহিমা খাতুন ক্রয়সূত্রে মালিক হয়ে ভোগদখলে থাকাবস্থায় মধ্য কামারগাঁও এলাকার মৃত আনিছ শেখের ছেলে তমিজ উদ্দিন, জাহাঙ্গীর, আলমগীর ও তারেক শেখ গং জোরপূর্বক ঐ সম্পত্তি দখল করে একটি বহুতল মার্কেটের নির্মাণ কাজ শুরু করে। পরে রহিমা খাতুন বাদী হয়ে বিজ্ঞ দেওয়ানী আদালতে পিটিশন মোকদ্দমা নং-৪৯০/২৫ দায়ের করেন। তমিজ উদ্দিন গং বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন সময়ে বল প্রয়োগের মাধ্যমে পুনরায় মার্কেটের নির্মাণ শুরু করে। এতে ভুক্তভোগীরা বাধা-নিষেধ করলে তাদেরকে মারধরসহ কাজে বাধা দিতে আসলে খুন জখমের হুমকি দিয়ে আসছে তমিজ উদ্দিন গং। এ নিয়ে বিজ্ঞ আদালতে দেওয়ানী ও ফৌজধারী মামলা চলমান রয়েছে।
ঘটনার দিন গত মঙ্গলবার ভোরে রহিমা খাতুন পক্ষ ক্রয়কৃত সম্পত্তিতে একটি দোকানঘর নির্মাণ করতে গেলে তমিজ উদ্দিনসহ ছেলে তারেক, ভাই আলমগীর, জাহাঙ্গীর, তানসেনসহ ২০-৩০ জনের একটি দল হাতে ধারালো দা, রামদা, ছেন, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে মিলন, কাউসার, মানিক, আলামিন, রাসেল ও শুভর উপর অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে এলোপাথারি কুপিয়ে মাথা ও হাতের কবজি কর্তনসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর হাড় ভাঙ্গা জখম করে এবং এতে প্রতিপক্ষের তমিজ উদ্দিনসহ কয়েকজন আহত হয়। সংবাদ পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা উভয়পক্ষের আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটের সামনে আহতদের দেখতে আসা শম্ভু সরকারকে পেয়ে আলমগীরের নেতৃত্বে দ্বিতীয় দফায় শম্ভুর উপর হামলা চালিয়ে তার বাম পায়ের রগ কেটে দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আলমগীর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শম্ভু নামে একজনকে কুপিয়ে আহত করে। পরে নিজে বুকে ব্যথা অনুভব করছে জানিয়ে হাসপাতালে ভর্তি হয়। এসময় তার শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। পরে ঢাকা নেয়ার পথে আলমগীর মারা গেছে শুনতে পাই। মারধরে আলমগীর মারা গেছে -এমন কোন ঘটনা দেখতে পাইনি।
মামলা তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এসআই কামরুজ্জামান বলেন, এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হওয়ার পর তিনজন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com