হোম আন্তর্জাতিক ইমরান খান কে নেয়া হচ্ছে হাসপাতালে

ইমরান খান কে নেয়া হচ্ছে হাসপাতালে

কর্তৃক মুন্সীগঞ্জের কাগজ
০ মন্তব্য

ডেস্ক রিপোর্টঃ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবনতির খবরের পর পাকিস্তানে নতুন রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটারের ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টি অবশিষ্ট থাকার তথ্য সুপ্রিম কোর্টে জানানোর পর বিরোধী দলগুলো তাকে হাসপাতালে স্থানান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছে। এরমধ্যেই সরকার ইমরান খানকে হাসপাতালে নেয়া ও মেডিকেল বোর্ড গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছে।

পাকিস্তানের পার্লামেন্টারি অ্যাফেয়ার্সমন্ত্রী তারিক ফজল চৌধুরী জানিয়েছেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগের মধ্যে বিরোধী দলগুলো যখন পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে, তখন গতকাল শনিবার তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, সরকার মানবিকতা ও আইনগত বাধ্যবাধকতাকে অগ্রাধিকার দেয়। আইন অনুযায়ী প্রত্যেক বন্দিকে প্রয়োজনীয় সুবিধা দেয়া সরকারের দায়িত্ব।

স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয় নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, পিটিআই যেন ভিত্তিহীন প্রচার বা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা থেকে বিরত থাকে।

banner

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ইমরান খানের চলমান চোখের চিকিৎসার অংশ হিসেবে বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠানে শীর্ষ চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে পরবর্তী পরীক্ষা ও চিকিৎসা করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন সুপ্রিম কোর্টে জমা দেয়া হবে বলেও জানান তিনি। এ বিষয়কে রাজনৈতিক বক্তব্য বা স্বার্থসংশ্লিষ্ট প্রচারণায় রূপ না দেয়ার আহ্বান জানান তারার।

এর আগে সুপ্রিম কোর্টে গত বৃহস্পতিবার জানানো হয়, ইমরান খানের ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টি অবশিষ্ট রয়েছে। এর পরিপ্রেক্ষিতে পিটিআই তীব্র প্রতিক্রিয়া জানায় এবং দলটি ও তেহরিক-ই-তাহাফুজ-ই-আইন-ই-পাকিস্তান (টিটিএপি)-এর ব্যানারে বিরোধী আইনপ্রণেতারা ইসলামাবাদের পার্লামেন্ট হাউস ও কেপি হাউসের সামনে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যান। তারা ইমরান খানকে অবিলম্বে হাসপাতালে নেয়ার দাবি জানান। অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন টিটিএপি চেয়ারম্যান মাহমুদ খান আচকজাই। এতে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান, সিনেটর আলী জাফর, আসাদ কায়সার, জুনায়েদ আকবরসহ অন্য নেতারা অংশ নিয়েছেন।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আচকজাই বলেন, ইমরান খানকে তার পরিবার ও ব্যক্তিগত চিকিৎসকের উপস্থিতিতে চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে চিকিৎসা সুবিধা না দেয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।

এদিকে টিটিএপি এক্সে প্রকাশিত একটি ভিডিও বার্তায় পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা বলেন, ইমরান খান ও তার ছেলেদের মধ্যে ফোনালাপের ব্যবস্থা করা হয়েছে এবং তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়ার বিষয়ে ‘সদিচ্ছা’ রয়েছে বলে তারা জানতে পেরেছেন। যদি তা-ই হয়ে থাকে, তাহলে বিলম্ব কেন হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com