নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে ইতালি প্রবাসীর বাড়ির কেয়ারটেকার ও তার ছেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ লক্ষাধিক টাকা লুট হয়েছে।
গত সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুরে এই ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, রাত ১টার দিকে ওই গ্রামের মৃত সাদেক আলীর বাড়িতে ১৫/২০ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। এসময় বাড়ির কেয়ারটেকার আব্দুল মালেক লোকজনের উপস্থিতি টের পেয়ে বের হয়ে আসলে ডাকাতরা তাকে কুপিয়ে জখম করে। আব্দুল মালেকের চিৎকারে তার ছেলে মোঃ রোমান বাবাকে বাঁচাতে আসলে ডাকাতরা তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাদের চিৎকারে বাড়ির গৃহিণী ফারজানা আক্তার দরজা খুলে উঠানে ডাকাতের উপস্থিতি দেখে তার শাশুড়ি ও দুই সন্তানকে নিয়ে নীচতলার একটি কক্ষে আশ্রয় নেয়। এরই মধ্যে ডাকাতরা কেয়ারটেকার ও তার ছেলের হাত-পা খুঁটির সাথে বেধে জিম্মি করে বিল্ডিংয়ের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা বেশ কয়েকটি কক্ষের তালা ও আলমারি ভেঙ্গে তছনছ করে। পরে শাশুড়ি সাহাতন নেছার রুম থেকে প্রায় ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ১ লাখ টাকা লুটে নেয়। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। রাতেই শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত বলেন, এই ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বিষয়টি নিয়ে কাজ চলছে।
শ্রীনগরে ইতালি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
কেয়ারটেকারসহ দু’জনকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
১২
পূর্ববর্তী পোস্ট