নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত এ স্বাগত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের অনন্য প্রশিক্ষণের মাস। এ মাস রহমত, বরকত ও মাগফেরাতে পরিপূর্ণ, যেখানে প্রতিটি দিন আল্লাহর বিশেষ অনুগ্রহের বার্তা বহন করে। সিয়াম সাধনার মাধ্যমে মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করে আল্লাহ ভীতির পথে অগ্রসর হয়।
তিনি আরও বলেন, রোজা শুধু ক্ষুধা-তৃষ্ণা সহ্য করার নাম নয়; বরং চিন্তা, কথা ও কাজের পবিত্রতার শিক্ষা দেয়। দান-সদকা ও ইবাদতের মাধ্যমে জীবনে নেমে আসে অফুরন্ত বরকত। রমজানের শেষ দশকে রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এ রাতে ক্ষমা প্রার্থনার মাধ্যমে বান্দা লাভ করে মাগফেরাত ও নাজাত। তাই রমজানের যথাযথ সদ্ব্যবহার করে তাকওয়া অর্জনের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সবার দায়িত্ব।
দেশের নতুন সরকারের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী সুশাসন, স্বচ্ছতা ও কার্যকর সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন দৃঢ়ভাবে প্রতিষ্ঠার পাশাপাশি অতীতের ফ্যাসিবাদী চর্চা যেন আর ফিরে না আসে সে ব্যাপারে সংশ্লিষ্টদের সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।
মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মুন্সীগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল বারী, টঙ্গীবাড়ী উপজেলার আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি মাওলানা কাজী ইকবাল হোসেনসহ স্থানীয় জামায়াত নেতাকর্মীরা।
রমজান পবিত্রতা ও তাকওয়া অর্জনের মাস – অধ্যাপক এবিএম ফজলুল করীম
১৫