নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মালবাহী দুই ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১ জন। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পুরাতন ফেরিঘাটের মাশুরগাঁও এলাকায় হাইওয়ে আন্ডারপাসের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শওকত বেপারী (২৩) ট্রাকের হেলপার ছিলেন। সে শরীয়তপুর জাজিরা এলাকার কাজিরহাটের দবির বেপারীর ছেলে। আহত ইমরান মন্ডলকে (২৪) প্রথমে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইমরানের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। ইমরান অপর ট্রাকের হেলপার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীনগর ফেরিঘাট এলাকার আন্ডারপাসের উপর চলন্ত একটি মালবাহী ট্রাককে পিছন থেকে আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে উভয় ট্রাকের দুই হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ারসার্ভিসের লোকজন এসে ট্রাক দুটির হেলপারদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক শওকত বেপারীকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মো. নাফিজ বলেন, হাসপাতালে আনার আগেই শওকত মারা যান। অপর আহত ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
২১
পূর্ববর্তী পোস্ট