নিজস্ব প্রতিবেদক : গতকাল বৃহস্পতিবার মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ দুই উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিত সভা করে উন্নয়ন, সেবা ও বাজার ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেছেন।
সকাল ১০টায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টায় শ্রীনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দ্বিতীয় পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সংসদ সদস্য উন্নয়ন কর্মকান্ডের গতি বাড়ানো, সরকারি সেবার মান উন্নয়ন এবং জনগণের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এসময় শ্রীনগর বাজার এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে আগামীকাল থেকে তিনজন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং অবৈধ মাটি কাটার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও স্থানীয় বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সংসদ সদস্য হিসেবে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনার কথাও জানান।
বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে বলে সভায় উল্লেখ করা হয়।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে নির্দেশনাগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করবে।