নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন আহত এবং আরেকজন গুরুতর জখম হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আবু ইউসুফ (৪৮)। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব আটপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে আবু ইউসুফের সঙ্গে একই এলাকার কয়েকজনের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ২২ ফেব্রুয়ারি সকালে স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসে এবং জমি মাপঝোক করে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হয়। তবে বিবাদীরা সালিশের সিদ্ধান্ত না মেনে বৈঠক ত্যাগ করেন। পরে একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় একটি মসজিদের সামনে আবু ইউসুফকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন তার পথরোধ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসময় কাঠের ডাসা, বাঁশের লাঠি ও ধারালো করাত দিয়ে তাকে মারধর করা হয়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। এসময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ভাগিনা মো. শরীফ (৩১) এর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তার বাম কানের উপরে গুরুতর কাটা জখম হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শ্রীনগরে জমি নিয়ে বিরোধে হামলা ॥ ভাগিনাকে কুপিয়ে জখম, প্রাণনাশের হুমকির অভিযোগ
৭
পূর্ববর্তী পোস্ট