নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর মল্লিকের চর এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি বালুমহালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সূত্র জানায়, গত রোববার সন্ধ্যার পর থেকে মেঘনা নদীর গজারিয়া অংশের মল্লিকের চর এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করে একটি চক্র। নদীর ওই অংশে কোনো বৈধ বালুমহাল না থাকায় খবর পাওয়া মাত্রই সেখানে অভিযানে নামে উপজেলা প্রশাসন। তবে আভিযানিক দল পৌঁছানোর আগেই ড্রেজার ও বাল্কহেড নিয়ে সটকে পড়ে চক্রটি।
এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম জানান, “দীর্ঘদিন এই অংশে বালু উত্তোলন বন্ধ ছিল। হঠাৎ করে কারা আবার এই অপকর্ম শুরু করেছে তা খতিয়ে দেখা দরকার। আমরা চাই প্রশাসন যেন এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, “খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে আমাদের পৌঁছানোর আগেই তারা পার্শ্ববর্তী মতলব সীমানার দিকে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, গত বছরের নভেম্বরেও মল্লিকের চর এলাকায় একইভাবে বালু উত্তোলনের চেষ্টা চালিয়েছিল একটি প্রভাবশালী চক্র। পরবর্তীতে প্রশাসনের কঠোর নজরদারিতে তা বন্ধ হয়ে যায়। কয়েক মাস বিরতির পর ফের এই অপতৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
গজারিয়ায় রাতের আঁধারে অবৈধ বালুমহালে প্রশাসনের অভিযান
৬