মাসুদ রানা : মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, মুন্সীগঞ্জ এর আয়োজনে গতকাল সোমবার উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে এবং পেশাগত দক্ষতা উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, পিটিআই সুপারিন্টেন্ডেন্ট মোঃ মাজারুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মোমিন মিঞা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ এবং সদর উপজেলার সকল প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ। মতবিনিময় সভায় মুন্সীগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে এবং পেশাগত দক্ষতা উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষকরা মূল চালিকাশক্তি। আনন্দঘন পরিবেশে পাঠদান, আধুনিক প্রযুক্তি ব্যবহার, শিশু-কেন্দ্রিক শিক্ষা নিশ্চিতকরণ এবং নৈতিকতা ও মূল্যবোধের বিকাশে শিক্ষকদের অনুকরণীয় ভূমিকা পালন করতে হবে। তাই পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ ও আত্মমূল্যায়নের মাধ্যমে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে।