নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোললঘর এলাকার কেয়টখালীতে ট্রেনের ধাক্কায় মো. জিয়াউর রহমান (৩৮) নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউর রহমান ঢাকার ধামরাই এলাকার শিমুলিয়ার মো. আব্দুস কাদেরের পুত্র। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহত জিয়াউরের সংসারে এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।
এলাকাবাসী জানান, ওই কৃষি কর্মকর্তা কেয়টখালী এলাকার রেল লাইনের ওপর দিয়ে হেঁটে পেশাগত কাজে যাচ্ছিলেন। হঠাৎ পিছন থেকে খুলনাগামী সূবর্ণা এক্সপ্রেস নামক ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তিনি মারা যান।
কর্তব্যরত চিকিৎসক ডাঃ মো. নাফিজ খান বলেন, চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
মাওয়া রেলওয়ে স্টেশন পুলিশের এএসআই আব্দুল মালেক জানান, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।