নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাসহ সারা দেশে হঠাৎ করে গো-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ছোট ও মাঝারি খামারিরা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেক খামারি লোকসানের আশঙ্কা করছেন।
লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের মাঝারি খামারি তাইজুল ইসলাম খান জানান, মাত্র ৪-৫ দিন আগেও গরুর খাদ্য ভুসির বস্তা প্রতি দাম ছিল ১ হাজার ৭০০ টাকা। বর্তমানে সেই একই বস্তা কিনতে গুনতে হচ্ছে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকা।
এদিকে রিপন আলী ডেইরি ফার্মের মালিক রিপন আলী বলেন, খাদ্যের দাম বাড়ায় গরু পালন করা কঠিন হয়ে পড়ছে। দুধ ও গরুর বাজারদর সেই অনুযায়ী না বাড়ায় খামার পরিচালনা নিয়ে উদ্বেগে আছি।
গো-খাদ্য বিক্রেতা রতন মোড়ল বলেন, প্রতি বছর এই সময় এলেই ভুসির দাম কিছুটা বাড়ে। বিশেষ করে কোরবানির পশু মোটাতাজাকরণের মৌসুম শুরু হলে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়। সামনের দিনগুলোতে গো-খাদ্যের দাম আরও বাড়তে পারে।
তিনি আরও বলেন, আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।
দ্রুত বাজার মনিটরিং ও সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন খামারিরা।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কোথাও কোনো অনিয়ম দেখলে সাথে সাথে তাকে আইনের আওতায় আনা হবে।
লৌহজংয়ে গো-খাদ্যের দাম বৃদ্ধিতে দিশেহারা খামারিরা
৭
পূর্ববর্তী পোস্ট