শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

মজুদদারি ঠেকাতে অভিযান, ২ লাখ ৮৬ হাজার টন জ্বালানি উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৮:৪৪ পিএম

32

অভিযান চালিয়ে মজুত করে রাখা জ্বালানি তেল উদ্ধার। 

জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও মজুদদারি ঠেকাতে দেশজুড়ে জোরদার অভিযানে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৮৬ হাজার ৬৫০ মেট্রিক টন জ্বালানি তেল উদ্ধার করেছে সরকার। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানাসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে জ্বালানি বিভাগের মুখপাত্র মুনির হোসেন চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে কিছু ক্ষেত্রে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা দেখা গেছে। বিশেষ করে অতিরিক্ত মজুদ ও বেশি দামে বিক্রির প্রবণতা রোধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসনের মাধ্যমে সারাদেশে ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।

জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ২ লাখ ৮৬ হাজার ৬৫০ মেট্রিক টন জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং প্রায় ৭৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মামলা হয়েছে এক হাজার ৫৩টি।

ব্রিফিংয়ে জানানো হয়, পরিস্থিতি মোকাবিলায় প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় সভা করা হচ্ছে। সেখানে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ও বিতরণ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সমস্যা চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়া পেট্রোল পাম্প, ডিপো, এজেন্ট ও ডিস্ট্রিবিউটরদের কার্যক্রম নিবিড়ভাবে তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি ফিলিং স্টেশনে সরকারি ‘ট্যাগ অফিসার’ নিয়োগের উদ্যোগও নেওয়া হয়েছে, যাতে সরবরাহ ব্যবস্থাপনা স্বচ্ছ থাকে।

জ্বালানি বিভাগের দাবি, সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও কিছু ক্ষেত্রে মনস্তাত্ত্বিক প্রভাব ও মজুদদারির কারণে বাজারে চাপ তৈরি হচ্ছে। এ ধরনের অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Link copied!