বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬ -- : -- --

লৌহজংয়ে অপহরণ মামলার রায়ের জের ধরে বাদীকে হত্যা চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০১:১২ পিএম

2

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মেয়েকে অপহরণ মামলার রায়ের জের ধরে বাদী বাস্কর খানকে (৫০) মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাতঘড়িয়া এলাকার হলদিয়া-গোয়ালিমান্দ্রা রাস্তায় খন্দকার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এতে বাদী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ বিষয়ে লৌহজং থানার সাধারণ ডায়েরি করেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর মেয়ে উম্মে হাবিবা নওরীনকে (১৬) অপহরণের ঘটনায় তিনি ২০২২ সালের ৩১ এপ্রিল ঢাকা ডিএমপি কদমতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার নম্বর ৩১। ওই মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৩, এ গত বছরের ২০ নভেম্বর ২০২৫ইং সালে আসামি ফারহান আহমেদ প্রান্তকে ২০ বছরের কারাদন্ড দেন।
অভিযোগে আরও বলা হয়, মামলার রায়ের জেরে গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সাতঘরিয়া এলাকার খন্দকার বাড়ির সামনে হলদিয়া-গোয়ালীমান্দ্রা সড়কে ফারহান আহমেদ প্রান্তসহ অজ্ঞাত আরও তিনজন বাদী বাস্কর খানের ওপর হামলা চালায়। তারা লোহার রড, কাঠের ডাসা ও কাঠের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নিলাফুলা জখম করে হত্যার চেষ্টা করে।
এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Link copied!