প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৯ পিএম
5
শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি মাদ্রাসার ওয়াক্ফকৃত জায়গায় জোরপূর্বক পাকা স্থাপনা (বাথরুম) উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে দু-পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনে। গত সোমবার সকালে উপজেলার পাটাভোগ ইউনিয়নের পূর্বকামারখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদ্রাসার পক্ষে সুজন বেপারী বাদী হয়ে ঐ এলাকার শাহজাহান শেখসহ ৩ জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ও শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ১৯৭৩ সালে সুজন বেপারীর চাচা মৃত চুন্নু বেপারী কামারখোলা মৌজার কয়েকটি দাগের ০১ একর ০৭ শতাংশ জমি কামারখোলা ফোরকানিয়া মাদ্রাসার নামে ওয়াক্ফ করলে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসার নামে ওয়াক্ফকৃত জমিতে কোনো সীমানা প্রাচীর না থাকায় একই এলাকার শাহজাহান শেখ, আজিবর চোকদার ও হাশেম শেখ ওরফে ডিস হাসেম গং তাদের পক্ষের লোকজন নিয়ে মাদ্রাসার জমি দখলের চেষ্টা করে আসছে।
স্থানীয়রা জানান, মাদ্রাসার পাশেই কামারখোলা বায়তুল আমান নামে আরেকটি মসজিদ নির্মাণ করে এবং মসজিদ থেকে প্রায় ৬০ ফুট ভেতরে মাদ্রাসার জমির মধ্যে গত সোমবার সকালে সকালে আজিজ শেখ গং জোরপূর্বক ৩টি বাথরুম নির্মাণের কাজ শুরু করে। এতে সুজন বেপারীসহ মাদ্রাসার পক্ষের লোকজন বাধা নিষেধ করলে তাদের প্রাণনাশের হুমকি দেয় আজিজ শেখ গং।
এ ঘটনায় মাদ্রাসার জমি দখল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ভবিষ্যতে এ নিয়ে বড় ধরনের সামাজিক বিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কাও করছেন তারা।
এ ব্যাপারে অভিযুক্ত আজিজ শেখের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা মসজিদের জন্য পাকা বাথরুম করছি না। মাদ্রাসার জায়গায় মাদ্রাসার প্রয়োজনে বাথরুম করছি।
অভিযোগ তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এসআই হাবিবুর রহমান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কাজ বন্ধ রাখতে বলেছি এবং দু’পক্ষকে বসে বিষয়টি মীমাংসার জন্য থানায় আসতে বলেছি।