শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

টঙ্গীবাড়ীতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পিএম

4

বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় উৎসবমুখর ও বর্ণিল পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশু পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বর্ণিল ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় শোভাযাত্রাটি হয়ে ওঠে আকর্ষণীয় ও প্রাণবন্ত। শোভাযাত্রা শেষে উপজেলা শিশু পার্কে দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য, হস্তশিল্প, খেলনা ও বিভিন্ন মুখরোচক খাবারের স্টলে দর্শনার্থীদের ভিড়ে জমে ওঠে। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় পুরো মেলা প্রাঙ্গণ ছিল মুখরিত।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। বৈচিত্র্যময় পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন এবং করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহিত করেন। আয়োজনটি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মাসুম, ওসি (তদন্ত) কাজী মাসুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামীম মোল্যাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ ও লালন করার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Link copied!