প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০১:০৫ পিএম
1
মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --
দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবীতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি সানাউল্লাহ কাসেমী ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান কারীমির নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, সদর থানা সম্পাদক মুফতি আব্দুস সালাম সৈয়দপুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি মোশারফ হোসেন, সদর থানা অর্থ সম্পাদক হাফেজ ফোরকান প্রমুখ।
স্মারকলিপি দেওয়া প্রসঙ্গে সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান কারীমি বলেন, বর্তমান সময়ে আমাদের সমাজের নৈতিক অবক্ষয়, মূল্যবোধের সংকট ও সামাজিক অবনতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম কারণ হলো শিশুদের প্রাতিষ্ঠানিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষার পর্যাপ্ত অভাব। প্রাথমিক বিদ্যালয় হলো শিশুদের চরিত্র গঠনের প্রথম ধাপ। এই স্তরে যদি সঠিক ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা যায়, তবে ভবিষ্যৎ প্রজন্ম হবে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ। এসব কারণে আমরা জোরালোভাবে দাবী জানাচ্ছি, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রদান করা হউক।