রবিবার ১৯, জুলাই ২০২৬

রবিবার ১৯, জুলাই ২০২৬ -- : -- --

টঙ্গীবাড়ীতে জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ০২:৫৩ পিএম

23

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার মূলচর দিঘীরপাড় এলাকায় খরিদকৃত জমি জোরপূর্বক দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় মন্নাফ খান ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ইসমাইল বেপারী (৫১) টঙ্গীবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, মূলচর গ্রামের বাসিন্দা ইসমাইল বেপারী প্রায় ৩০/৩৫ বছর আগে কালু বেপারী গংয়ের কাছ থেকে জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।
অভিযোগ অনুযায়ী, মূলচর মৌজার আর.এস দাগ নং-৫৬৫-এর আওতাভুক্ত প্রায় ৫.৭৫ শতাংশ জমি নিয়ে স্থানীয় মো. মন্নাফ খান (৪৫) ও তার ছেলে রুবায়েত খানের (৩০) সঙ্গে বিরোধ চলে আসছে।
ভুক্তভোগীর দাবি, প্রতিপক্ষরা ওই জমির মালিকানা দাবি করলেও তাদের দাবির পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। জমিসংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে দেওয়ানি মামলা নং-৩৯/২০২২ এবং সিআর মামলা নং-৬২২/২০২৫ বিচারাধীন রয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ৪ জুন ২০২৬ আনুমানিক সকাল ১০টার দিকে প্রতিপক্ষরা ওই জমিতে থাকা কয়েকটি ফলদ গাছ কেটে ফেলে এবং বাড়ির রান্নাঘর ভাঙচুর করে। এসময় বাধা দিতে গেলে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ইসমাইল বেপারী।
ভুক্তভোগীর অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি ও আদালতে মামলা চলমান থাকার পরও মন্নাফ খান জোরপূর্বক ওই জায়গায় স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন। পরে বিষয়টি থানায় জানানো হলে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহমেদের নির্দেশনায় তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন এবং সেখান থেকে তিনজনকে আটক করা হয় বলে জানা যায়। তবে এরপরও স্থাপনা নির্মাণের কাজ বন্ধ হচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ইসমাইল বেপারী বলেন, “আমি একজন অটোচালক, গরিব ও অসহায় মানুষ। আমার নিজের জমি থেকেও এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। স্থানীয় প্রভাব ও ক্ষমতার প্রভাব খাটিয়ে আমার সম্পত্তি দখলের চেষ্টা করা হচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তা দাবি করছি।”
তিনি আরও জানান, যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তিনি ও তার পরিবার।
এ বিষয়ে অভিযুক্ত মন্নাফ খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জমিসংক্রান্ত বিরোধের সুষ্ঠু সমাধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Link copied!