প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০১:২৭ পিএম
3
বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ -- : -- --
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে জাল করে প্রায় এক কোটি টাকার সম্পত্তি বিক্রির অভিযোগ উঠেছে। এতে প্রতিবাদ করায় জমির মালিক মোঃ হযরত আলীকে প্রাণনাশের হুমকিকে কেন্দ্র করে এ মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের বাসিন্দা মোঃ হযরত আলী অভিযোগ করেন যে, মোঃ আক্কাস আলী ও হামেদ আলী তার চাচা রেজু বেপারীকে নিজের বাবা হিসেবে দেখিয়ে জাল কাগজপত্র ও দলিল তৈরি করে প্রায় বালুচর মৌজার ১৪৩নং খতিয়ানের ২২৭৯ ও ২২৮০নং দাগের ৪৪ শতাংশ কোটি টাকা মূল্যের জমি বিক্রি করে দিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন এবং রড দিয়ে পিটিয়ে আহত করেন বলে অভিযোগ করেন তিনি। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী মোঃ হযরত আলী বলেন, আমার বাবা রেজু বেপারীকে মোঃ আক্কাছ আলী ও মোঃ হামেদ আলী তার চাচাকে বাবা সাজিয়ে জাল দলিলের মাধ্যমে সম্পত্তি বিক্রি করা হয়েছে। আমি এর প্রতিবাদ করায় মোঃ আক্কাছ আলী, মোঃ আলউদ্দিন ও মোঃ হামেদ আলী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং রড দিয়ে মারধর করে আহত করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
স্থানীয় সাক্ষী মোঃ শাজাহান মোল্লা বলেন, আমি ঘটনাস্থলের কাছে ছিলাম। হট্টগোল শুনে এগিয়ে গেলে দেখি, হযরত আলীকে মারধর করা হচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক।
আরেক সাক্ষী মোছাঃ রহিমা বেগম বলেন, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে (গতকাল বুধবার) ঝগড়ার একপর্যায়ে হযরত আলীকে মারধর করা হয়েছে বলে শুনেছি এবং পরে তাকে আহত অবস্থায় দেখতে পাই। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি )আব্দুল হান্নান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।