প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ০৩:০৩ পিএম
22
রবিবার ১৯, জুলাই ২০২৬ -- : -- --
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের খৈয়াগাঁও গ্রামে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে ষোলঘর ইউনিয়নের খৈয়াগাঁও ৬নং ওয়ার্ডে এ মানববন্ধন হয়। মাদকের ভয়াবহতা ও এর প্রভাবে যুবসমাজ ধ্বংসসহ এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ বেড়ে যাওয়ায় এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক বছর ধরে ষোলঘর ইউনিয়নে মাদক ব্যবসার মূল হোতা খৈয়াগাঁও গ্রামের ৬নং ওয়ার্ডের সোহরাবের ছেলে অমিত, শাহাবুদ্দিন, মেছের আলীর ছেলে শাহাবুদ্দিন, সোহরাবের ছেলে বিল্লাল হোসেন, রুবেল, হানিফ, রাকিব ও রায়হান মাদক ব্যবসা পরিচালনা করে আসছে এবং এলাকায় জুয়া খেলা ও অস্ত্র মজুদ রাখে বলে অভিযোগে জানান। এর মধ্যে শাহাবুদ্দিন বছর দেড়েক আগে মাদক মামলায় গ্রেফতারও হয়েছিলেন বলে জানা যায়।
তারা আরও জানান, ষোলঘর বাসস্ট্যান্ড বীরতারা রাস্তার লিটনের গ্যারেজের পাশে, খৈয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে, খৈয়াগাঁও কবরস্থানের পাশে ও ষোলঘর এ্যাডভোকেটের বাগানসহ এসকল এরিয়াতে মাদক বিক্রি ও সেবন করে। কিছুদিন আগে এই সিন্ডিকেটের হোতা অমিতের ভাগিনা স্থানীয় সরকারি পাথমিক বিদ্যালয়ে দেশীয় অস্ত্র মজুদ রাখার বিষয়টি এলাকার মানুষের দৃষ্টিগোচর হলে তারা স্কুলের প্রধান শিক্ষককে জানালে তিনি শ্রীনগর থানায় জানান এবং তা পুলিশের হেফাজতে নিয়ে যান। এ বিষয়ে এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেনের বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দেয়ার অভিযোগ করেন।
মানববন্ধনে এলাকার সকলে কিশোর-যুবকদের মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে ও এলাকায় মাদকের কারণে সৃষ্ট জুয়া, চুরি ও ছিনতাই থেকে এলাকাবাসীকে মুক্ত রাখতে জোর দাবী জানান।