প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পিএম
12
রবিবার ১৩, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
গজারিয়ায় একাধিক কর্মসূচীতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রীর অংশগ্রহণ
মুন্সীগঞ্জের গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি। এসময় স্থানীয় আকিজ ইস্পাত কোম্পানির বিরুদ্ধে পরিবেশ দূষণ ও খাল দখলের অভিযোগ শুনে সরেজমিনে পরিদর্শনে যান তিনি। গতকাল রবিবার বেলা ১১টায় তিনি উপজেলার প্রবেশদ্বার মেঘনা ব্রিজের পূর্বপ্রান্তে এসে পৌঁছালে তাকে মোটর শোভাযাত্রা সহকারে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন এর নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। পরে তিনি উপজেলার বাউশিয়াস্থ গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ, পরবর্তীতে উপজেলা অডিটোরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ইং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে উপজেলার আনারপুরায় বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, আমরা চাই পলিথিন ও প্লাস্টিক দূষণ মুক্ত বাংলাদেশ। প্রাকৃতিকভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর বিকল্প নেই। আপনারা গাছ লাগান, সেই গাছ পরিচর্যা করুন। একদিন এই গাছই আপনার সম্পদে পরিণত হবে। সরকার ইতিমধ্যে ৩ কোটি গাছ রোপণ করেছে। আরও রোপণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, প্লাস্টিক, পলিথিন পচনশীল না। ফলে এটি দীর্ঘদিন পরিবেশে টিকে থেকে মাটি ও পানির দূষণ ঘটায়। তাই পলিথিন ও প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে হবে।
পরে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে আকিজ ইস্পাত কোম্পানির দূষণ ও খাল ভরাটের অভিযোগ শুনে সরেজমিনে পরিদর্শন করেন ও বলেন, আমাদের উন্নতির জন্য শিল্পায়নের দরকার; কিন্তু সেটা হতে হবে পরিবেশবান্ধব। লক্ষ্য রাখতে হবে যেন পরিবেশের ক্ষতি না হয়। কারণ আমরা যদি বাঁচতেই না পারি তাহলে আমাদের টাকা-পয়সা দিয়ে কোনো লাভ নেই।