প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম
15
রবিবার ১৩, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় পুরাতন ধাতু গলানোর কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু। গতকাল সোমবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় গত এক দশক ধরে সম্পূর্ণ বেআইনিভাবে চলা বিষাক্ত ধাতু গলানো ও ট্রান্সফরমার মেরামতের কারখানায় কাজ করছে কয়েকজন ব্যক্তি।
আরো জানা যায়, এলাকায় কড়া নিরাপত্তার আড়ালে গোপনে ‘ট্রান্সফরমার ফ্যাক্টরি’ নামে পরিচালিত হচ্ছিল কারখানাটি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বৈধ কোনো কাগজপত্র ছাড়াই রাতে ইলেকট্রিক চুল্লিতে লোহা, তামা, অ্যালুমিনিয়াম ও সিলভার গলিয়ে যন্ত্রাংশ তৈরি করা হতো, যা পরবর্তীতে পুরান ঢাকার ধোলাইখালে বিক্রি করা হতো। এছাড়া মোবাইল টাওয়ার ও বিদ্যুৎ সংযোগের চোরাই মালামাল কেনাবেচাসহ মারাত্মক এসিড ব্যবহার করে পুরনো অচল ট্রান্সফরমার রিফার্বিশড করে বাজারে বিক্রি করা হতো। শুধু তাই নয়, কারখানাটি স্থানীয় মাদক কারবারিদের নিরাপদ আশ্রয় ও সেবনের আখড়া হিসেবেও ব্যবহৃত হয়ে আসছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব বিস্তার করে নান্টু নামে এক ব্যক্তি কারখানাটি স্থাপন করলেও বর্তমানে মজিবর ও আলামিন নামের দুই ব্যক্তি এর মূল নিয়ন্ত্রণে ছিলেন। লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতুর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং সেই সঙ্গে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সানোয়ার হোসেন, স্থানীয় পুলিশ সদস্য ও পল্লী বিদ্যুতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।