প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম
14
রবিবার ১৩, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভরাট হয়ে যাচ্ছে একের পর এক কৃষিজমি, পুকুর ও জলাশয়। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে প্রশাসনের নাকের ডগায় অসংখ্য স্থান ও জলাশয় ভরাট চলছে। আইন থাকলেও, মানছেন না প্রভাবশালীরা। খবর পেয়ে কোন কোন সময় প্রশাসন অভিযান চালানোর পরও লাল সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়ে আসলেও ফের শুরু হয় ভরাটের কাজ।
জানা গেছে, সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া এলাকায় ইউপি সদস্য আবু বক্কর খানের বাড়ির পাশে কে বা কারা লোহার পাইপ দিয়ে কৃষিজমি, পুকুর ও জলাশয় গো-হালট বালু দিয়ে ভরাট করছে।
মালপদিয়া গ্রামের বাসিন্দা ঈমান আলী ও সিরাজুল বলেন, এলাকার কয়েকজন বিএনপির নেতা মঞ্জু ও মতিনের তিন ফসলি জমি লোহার পাইপের ড্রেজার বসিয়ে এই ভরাটকাজ করছেন। তারা এখানে প্রায় দুই কোটি ফুট বালু ফেলে কৃষিজমি, পুকুর ও জলাশয় ভরাট করবে বলে শুনেছি।
সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ বলেন, কৃষিজমি, মালপদিয়াতে আমারা ব্যানার টাঙ্গিয়ে জমি সরকারের নিয়ন্ত্রণে এনেছি। পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত জমিতে অনুপ্রবেশসহ সকল কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এরপরেও পুকুর ও জলাশয় বালু ভরাট হলে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব।
মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সায়েম বলেন, সিরাজদিখানের মধ্যপাড়া থেকে এভাবে যদি পুকুর ও জলাশয় হারিয়ে যায়, তাহলে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে, তেমনি ঝুঁকির মুখে পড়বে জনজীবন। উপজেলার বিভিন্ন জায়গায় সরকারি নির্দেশ অমান্য করে কৃষিজমি, পুকুর ও জলাশয়, খাল-বিল ও নদীনালা ভরাট চলছে। আমরা দেখছি, ভরাটের খবর পেলে উপজেলা প্রশাসন গিয়ে ব্যবস্থা নিচ্ছে। তবে কিছুক্ষণ পর আবার ভরাট কাজ শুরু হয়।