প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পিএম
40
বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬ -- : -- --
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণের দায়ে এবাদত মীর (৬০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।
সোমবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ তেহসিন ইফতেখার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় তাকে এ দন্ড দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং সেখানেই বসবাস করতেন। এ সুযোগে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাঁও আশ্রয়ণ কেন্দ্রে নিজেদের বাড়িতে মেয়েকে ভয়-ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করতেন তার বাবা-এমন অভিযোগে মামলাটি করা হয়।
২০১৫ সালের ১৯ জানুয়ারি নিজ বাড়িতে মেয়েকে ধর্ষণের সময় এলাকাবাসী এবাদত মীরকে হাতেনাতে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ওই দিনই প্রতিবেশী ইউনুস ফরাজী বাদী হয়ে লৌহজং থানায় মামলা করেন। মামলায় আসামির বক্তব্য ও সাতজন সাক্ষীর জবানবন্দি পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর আলম।