প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পিএম
77
মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ -- : -- --
মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা তৈরির সরঞ্জাম ও দুই লাখ টাকাসহ শ্রাবণ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার রাত পৌনে ১০টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় জাল ২০০ টাকার নোটে তৈরি মোট দুই লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম এর নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এসময় মান্দ্রা এলাকার মজিবুর রহমানের একতলা ভবনের উত্তর পাশের একটি কক্ষে জাল টাকা তৈরির সময় শ্রাবণ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং মজিবুর রহমানের ছেলে।
পুলিশের দাবি, শ্রাবণ নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে জাল টাকা তৈরি করে ঢাকায় পৌঁছে দিতেন।