প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০১:২০ পিএম
4
বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ -- : -- --
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টায় মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে পঞ্চসার ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসক এস. এম. আব্দুর রহমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদের সচিব রুহুল আমিন সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসাইন ও পঞ্চসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ।
সভায় ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা ড্রেনের উচ্চতা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং খাল-নালা সংস্কার ও নিয়মিত পরিষ্কারের দাবি জানান।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, “পঞ্চসার ইউনিয়নের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য অতীতে তিন থেকে চারবার বিভিন্ন এনজিওকে দায়িত্ব দেওয়া হলেও তারা দীর্ঘদিন কার্যক্রম চালিয়ে যেতে পারেনি। তবে সম্প্রতি ঢাকার একটি প্রতিষ্ঠানের সঙ্গে পঞ্চসার ইউনিয়নের আধুনিক ডাম্পিং ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।